তবে কি ‘পদত্যাগ’ করছেন বিসিবি বস ফারুক?

by Samir Khan

স্পোর্টস ডেস্ক: ফারুক আহমেদ কি তাহলে আর বিসিবি সভাপতি থাকছেন না? বর্তমানে পরিস্থিতি সে রকমই মনে হচ্ছে। তবে তিনি কতটা স্বেচ্ছায় দায়িত্ব ছাড়ছেন, সেটাই এখন প্রশ্ন।

বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, গতরাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাসভবনে তাঁর সাথে দেখা করেছেন ফারুক। ক্রীড়া উপদেষ্টা আলোচনায় ফারুককে বার্তা দিয়েছেন যে বিসিবির শীর্ষ পদে পরিবর্তন আনতে চাচ্ছেন তাঁরা।

তবে কি কারনে এই পরিবর্তন আনতে চাচ্ছেন, সে ব্যাখ্যা নাকি পাননি ফারুক। মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে ক্রীড়া উপদেষ্টার সাথে সাক্ষাতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফারুক। তবে কী নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে মুখ খুলেননি তিনি।

গত বছরের ৫ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর নাজমুল হাসানের বোর্ডে থাকা জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুই পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলমকে অব্যাহতি দেওয়া হয়।

তাঁদের পরিবর্তে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ এবং ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদীনকে এনএসসি তাদের নতুন পরিচালক হিসেবে মনোনয়ন দেয়। পরে পরিচালকদের ভোটে বিসিবি সভাপতি নির্বাচিত হন ফারুক। এর আগে বোর্ড সভাপতির পদ থেকে পদত্যাগ করেন নাজমুল হাসান।

ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের বিরুদ্ধে যেহেতু আইসিসির অবস্থান কঠোর, সরকার চাইলেই বিসিবির পরিচালনা পর্ষদে পরিবর্তন করতে পারে না। বিসিবির পরিচালক এবং সভাপতি হতে হয় নির্বাচেনের মাধ্যমে।

ফারুক এনএসসি মনোনীত পরিচালক হওয়ায় সে মনোনয়নে এনএসসি হয়তো পরিবর্তন আনতে পারে, কিন্তু তিনি যেহেতু এখন নির্বাচিত সভাপতি, তিনি স্বেচ্ছায় পদত্যাগ না করলে সরকার তাঁকে সরিয়ে দিতে পারে কি না, এ বিষয়ে প্রশ্ন আছে।

সে রকম কোনো সিদ্ধান্ত সংকটে ফেলতে পারে বাংলাদেশের ক্রিকেটকেই। এর আগে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে ক্রিকেটকে সরকারি হস্তক্ষেপের মাশুল দিতে হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে থেকে নিষেধাজ্ঞার মাধ্যমে।

You may also like

Leave a Comment