ঢাবি ছাত্রশিবিরের সভাপতি নির্বাচিত মুহা. মহিউদ্দিন খান

by The Justice Bangla

মোহাম্মদ রফিকুল ইসলামঃ ২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচন এবং সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুহা. মহিউদ্দিন খান। একই সঙ্গে সেক্রেটারি হিসেবে আশিকুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মু. সাজ্জাদ হোসাইন খান মনোনীত হয়েছেন।

সোমবার সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের অংশগ্রহণে শহীদ মাহবুবুর রহমান অডিটোরিয়ামে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।

২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত প্রার্থী মুহা. মহিউদ্দিন খানকে সভাপতি হিসেবে ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। পরে তিনি নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

সদস্যদের পরামর্শক্রমে নবনির্বাচিত সভাপতি মুহা. মহিউদ্দিন খান শাখা সেক্রেটারি হিসেবে আশিকুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মু. সাজ্জাদ হোসাইন খানকে মনোনীত করেন।

দোয়া ও মুনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশের কার্যক্রম সমাপ্ত হয়।

You may also like

Leave a Comment