মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় ঢাকা চট্টগ্রাম রেললাইনের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম রেলওয়ে পুলিশের সীতাকুন্ড ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) রাশেদ রানা বলেন, সকাল দশটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমরা এক ব্যক্তির লাশ উদ্ধার করি। গায়ে শীতের জামা-কাপড়, লম্বা চুল ও দাঁড়ি দেখে মনে হয়েছে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। চট্টগ্রামগামী মেঘনা ট্রেনের ধাক্কায় তার মুখমণ্ডল থেঁতলে গেছে।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।
