ক্রীড়া ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ এ সিদ্ধান্তের কথা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের পরিবর্তে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দিয়ে আইসিসিকে চিঠি পাঠিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
জানা গেছে, প্রথম দফার চিঠির পর দ্বিতীয় দফায় আইসিসির চিঠির জবাব দিয়ে আবারও আনুষ্ঠানিকভাবে মেইল পাঠিয়েছে বিসিবি। তবে এখন পর্যন্ত সেই চিঠির কোনো উত্তর পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এ বিষয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, আইসিসির কাছ থেকে এখনো কোনো বার্তা আসেনি। তিনি জানান, প্রয়োজনীয় সব তথ্য ও সংশ্লিষ্ট লিঙ্ক ইতোমধ্যেই আইসিসির কাছে পাঠানো হয়েছে।
দ্বিতীয় দফার চিঠির জবাব আইসিসি কবে দিতে পারে এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন,
সহজ অঙ্ক কষলে আজ (গতকাল) দুবাই বন্ধ ছিল। তাই হয়তো সোম বা মঙ্গলবারের দিকে জবাব পাওয়া যেতে পারে। আইসিসি একটি অত্যন্ত পেশাদার প্রতিষ্ঠান। লাইনের বাইরে সাধারণত কেউ কথা বলে না।
এরই মধ্যে গুঞ্জন উঠেছে, কলকাতার ইডেন গার্ডেনের পরিবর্তে ভারতের অন্য কোনো ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ আয়োজন করা হতে পারে। এ বিষয়ে জানতে চাইলে বিসিবি সভাপতি বলেন, ভারতের অন্য ভেন্যুগুলোও ভারতেরই অংশ। তবে এ ধরনের কোনো প্রস্তাব এখনো আনুষ্ঠানিকভাবে বিসিবির কাছে আসেনি।
তিনি আরও জানান, ভারতের মাটিতে খেলা নিয়ে বিসিবির অবস্থান অত্যন্ত দৃঢ়। ভেন্যু পরিবর্তনের বিষয়ে ইতিবাচক সাড়া না মিললে বাংলাদেশ বিকল্প পথ বেছে নিতে বাধ্য হবে বলেও ইঙ্গিত দেন তিনি।
বিসিবি সভাপতির ভাষ্য,
আমরা আমাদের সিদ্ধান্তে অটল রয়েছি। আশা করছি আইসিসি থেকে দ্রুতই চূড়ান্ত কোনো জবাব পাওয়া যাবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বিসিবির এই অবস্থান আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে কী প্রভাব ফেলে, সে দিকেই এখন তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।
