টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে জাতীয় পার্টির (জিএম কাদের) বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে বিএনপির টাঙ্গাইল-৫ (সদর) আসনের নির্বাচনি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় নবাগত নেতাকর্মীদের বরণ করে নেন বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।
বিএনপিতে যোগদানকারী নেতাকর্মীরা জানান, জাতীয় পার্টি থেকে পদত্যাগ করে তারা বিএনপিতে যোগ দিয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুকে বিজয়ী করার লক্ষ্যে। তারা বলেন, সবাই ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করবেন এবং বিএনপির প্রার্থীকে জয়ী করতে সর্বাত্মক ভূমিকা রাখবেন।
যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন—সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ আজাদ, হুগড়া ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি আব্দুল লতিফ, মগড়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হাসান, ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি জিন্নাহ খানসহ বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মী।
যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল ইসলামসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
