মোহাম্মদ সাগর, ছাগলনাইয়া প্রতিনিধিঃ মহামায়া ইউনিয়ন–এ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চাঁদগাজী জুনিয়র একাদশ আয়োজিত মরহুম হাবিবুর রহমান হাবিব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ (২য় আসর)–এর ৪র্থ ম্যাচ।

মঙ্গলবার বিকেলে স্থানীয় চাঁদগাজী খেলার মাঠ প্রাঙ্গণে আয়োজিত ওই ম্যাচে মুখোমুখি হয় বন্ধু একতা সংঘ ও জিয়া মাঠ খেলোয়াড় একাদশ। খেলাকে ঘিরে পুরো এলাকাজুড়ে তৈরি হয় প্রাণচাঞ্চল্য, দোকানপাট ও অলিগলিতে চলতে থাকে ম্যাচ পূর্ব আলোচনা, আর মাঠজুড়ে ছোট–বড় সবার পদচারণায় রূপ নেয় মিলনমেলায়।
৮মিনিট থেকেই উভয় দল আক্রমণ–প্রতি আক্রমণে খেলার গতি বাড়িয়ে তোলে। তবে শক্তিশালী ডিফেন্স ও ধারাবাহিক বল দখলের মাধ্যমে ম্যাচে আধিপত্য বিস্তার করতে থাকে জিয়া মাঠ একাদশ। প্রথমার্ধে নিশ্চিত গোলের সুযোগ তৈরি করলেও বন্ধু একতা সংঘের গোলরক্ষকের দুর্দান্ত দুটি সেভে গোলবঞ্চিত হয় তারা।
দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে প্রতিপক্ষের ডিফেন্স লাইনে চাপ তৈরি করে বক্সে ঢুকে পড়ে জিয়া মাঠ একাদশের ফরোয়ার্ড। নিখুঁত শটে প্রতিপক্ষের জাল কাঁপিয়ে ১–০ গোলে এগিয়ে যায় দলটি। গোল হজমের পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে বন্ধু একতা সংঘ। শেষ ২০ মিনিটে একাধিক সেটপিস ও দূরপাল্লার শট নিলেও প্রতিপক্ষের ডিফেন্স ও গোলরক্ষকের দৃঢ়তায় সমতা আর ফেরাতে পারেনি তারা।
রেফারির চূড়ান্ত বাঁশির সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে মাঠে থাকা সমর্থকরা। জয়ী দলের খেলোয়াড়দের গলায় ঝুলিয়ে দেওয়া হয় ফুলের মালা, মুহূর্তেই মাঠ রূপ নেয় বিজয় মিছিলে।
টুর্নামেন্ট পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন চাঁদগাজী জুনিয়র একাদশের সংগঠক তানজিভ রেজবী, ইয়াছিন মজুমদার, মো. পারভেজ, নুরুসহ অন্যান্য সদস্যরা। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, হাবিব ভাইয়ের স্মৃতি ধরে রাখতে প্রতিবছর এই টুর্নামেন্ট আরও বড় পরিসরে আয়োজন করা হবে, যেন নতুন প্রজন্ম খেলাধুলায় উৎসাহ পায় এবং এলাকার ক্রীড়া সংস্কৃতি আরও সমৃদ্ধ হয়।
খেলা শেষে দর্শক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের চোখেমুখে ছিল সন্তুষ্টির ছাপ। মাঠ থেকে ফেরার পথে তারা আলোচনা করেছেন পরবর্তী ম্যাচগুলো নিয়েও। স্থানীয়দের ধারণা, এই টুর্নামেন্ট শুধু ফুটবল প্রতিযোগিতা নয় এটি হয়ে উঠেছে এলাকার ঐতিহ্য, সম্প্রীতি ও যুবসমাজের প্রাণের উৎসব।
