নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন চন্দ্রনগর দিদার হাউজিং এলাকায় জায়গা দখলকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলায় নোমান নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত সন্ত্রাসী গিয়াসের নেতৃত্বে আনুমানিক ৩০-৪০ জন বহিরাগত ধারালো রামদা, চাপাতি ও অবৈধ অস্ত্র নিয়ে এলাকায় প্রবেশ করে জায়গা দখলের চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার খবর পেয়ে বায়নাসূত্রে জায়গার মালিক হারুন ও নোমান দ্রুত ঘটনাস্থলে গেলে পথে নোমানের ওপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় তাকে ধারালো চাপাতি ও রামদা দিয়ে কোপ দিয়ে পেটে ও হাতে আঘাত করা হয়। এতে তার হাতের একটি আঙুল মারাত্মকভাবে জখম হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আহত নোমান হামলার দৃশ্য ভিডিও করতে গেলে গিয়াস তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে তাকে কিল-ঘুষি মেরে একটি ওপ্পো মডেলের মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। মানিব্যাগে প্রায় ১৬ হাজার ৫০০ টাকা নগদ, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিল বলে জানা গেছে।
গুরুতর আহত অবস্থায় নোমানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, গত ৫ আগস্টের পর থেকে গিয়াসের নেতৃত্বে একটি কিশোর গ্যাং এলাকায় চাঁদাবাজি, অবৈধভাবে জায়গা দখল এবং বিভিন্ন গার্মেন্টস কারখানা থেকে মালামাল লুটসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এতে এলাকাবাসী চরম আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত গিয়াস ও তার বাহিনীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
