চট্টগ্রাম কমার্স কলেজে শিবির ও ছাত্রদলের মধ্যে উত্তেজনা

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইসলামী ছাত্রশিবির অভিযোগ করেছে, তাদের স্থাপিত হেল্পডেস্কে ছাত্রদল হামলা চালিয়েছে, যার ফলে তিন শিবির কর্মী আহত হয়েছেন। অন্যদিকে ছাত্রদল বলছে, শুধুমাত্র কথাকাটাকাটি হয়েছে এবং শিবির ঘটনাটিকে অতিরঞ্জিত করছে। পুলিশ জানিয়েছে, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও কেউ আহত হয়নি।

শনিবার (৩১ মে) সকালে কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের প্রচার ও মিডিয়া সম্পাদক জাহিদুল আলম জয়ের দাবি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতার জন্য তারা একটি হেল্পডেস্ক স্থাপন করে। হেল্পডেস্কে পরীক্ষার্থীদের তথ্য সরবরাহ, অভিভাবকদের পানি পান ও বসার ব্যবস্থা ছিল। সকাল সাড়ে ৯টার দিকে ছাত্রদলের কিছু কর্মী এসে হেল্পডেস্ক বন্ধ করতে বলেন এবং হুমকি দেন। শিবিরের কর্মীরা কার্যক্রম চালিয়ে গেলে ছাত্রদল হঠাৎ হামলা চালায়। এতে তিন শিবির কর্মী আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন শিবির মহানগর দক্ষিণ কলেজ শাখার সম্পাদক মোজাহেরুল ইসলাম, কামরুজ্জামান জীবন এবং আব্দুল হাদী রাহি।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম অভিযোগ অস্বীকার করে বলেন, “কোনো হামলার ঘটনা ঘটেনি। আগে দাঁড়ানো নিয়ে আমাদের ছেলেদের সঙ্গে কথাকাটাকাটি হয়েছে। পরে দুই সংগঠনের কর্মীরা একসঙ্গে কাজ করেছে। হামলার অভিযোগ সঠিক নয়। কেউ যদি ছোট একটা বিষয়কে টেনে বড় করে লাইমলাইটে আসতে চায়, আমাদের কিছু করার নেই।”

ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রফিকুল ইসলাম বলেন, “সামান্য কথাকাটাকাটি হয়েছে। হালকা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বড় কোনো ঘটনা ঘটেনি। পুলিশের পর্যাপ্ত উপস্থিতি থাকায় পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে ছিল। এ ঘটনায় কেউ আহত হয়েছে বলে আমাদের কাছে কোনো তথ্য নেই।”

ইসলামী ছাত্রশিবির মহানগর দক্ষিণ এ ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।

You may also like

Leave a Comment