নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের কোতোয়ালী থানায় পৃথক অভিযানে যুবলীগের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় এক আসামির কাছ থেকে ৯৩ হাজার ৫০০ টাকার জালনোট ও দুইটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে শনিবার (২০ সেপ্টেম্বর) নতুন রেলওয়ে স্টেশনের ৭নং পার্কিং প্রবেশমুখে অভিযান চালিয়ে প্রথমে মো. আজিম (৩০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে জালনোট ও ওয়াকিটকি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, সহযোগী মো. সোহাগের সহায়তায় দীর্ঘদিন ধরে জালনোটের ব্যবসা চালিয়ে আসছিলেন। যোগাযোগ রক্ষায় তারা ওয়াকিটকি ব্যবহার করতেন।
এরপর রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে কোতোয়ালী থানার আরেকটি টিম অভিযান চালিয়ে বলুয়ারদিঘীর পশ্চিম পাড় এলাকা থেকে মো. শহীদুল আলম ওমর (৩৩) নামে অপর যুবলীগ নেতাকে গ্রেফতার করে। তিনি পূর্বে সংঘর্ষ, বিস্ফোরক আইন ও নাশকতার মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালী থানা সূত্রে জানা যায়, আসামিরা ২০২৪ সালের জুলাই-আগস্টে সরকারবিরোধী আন্দোলনের সময় সংঘর্ষ, জনসাধারণের ক্ষতি এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সাথে জড়িত ছিলেন। বিভিন্ন ভিডিও ফুটেজে তাদের মহড়া ও ছাত্রজনতার ওপর আক্রমণের প্রস্তুতির প্রমাণও পাওয়া গেছে।
গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে চলমান মামলার তদন্ত অব্যাহত আছে। যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে কোতোয়ালী থানা পুলিশ।
