মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রামগামী মারছা পরিবহনের বাস ও কক্সবাজারগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্প এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দ্রুতগামী মারছা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ৩ জন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহতদের সেনাবাহিনীর সদস্য ও স্থানীয়রা উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠান। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পুলিশ দ্রুত গাড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান সুমন জানান, “দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার তদন্ত ও আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
