খুলনায় শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা, বিদেশি পিস্তলসহ আটক ১

ঈদের কেনাকাটার সময় ডাকবাংলো মোড়ে হামলা কুপিয়ে জখমের পর গুলি করে মৃত্যু নিশ্চিত

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদকঃ খুলনা নগরীতে মাসুম বিল্লাহ নামে শ্রমিক দলের এক নেতাকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে নগরের ডাকবাংলো মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। তিনি রূপসা–বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছিলেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বুধবার রাত ৯টার দিকে ডাকবাংলো মোড়ে একটি দোকানের সামনে পরিবারের সদস্যদের নিয়ে ঈদের কেনাকাটা করছিলেন মাসুম বিল্লাহ। এ সময় হঠাৎ ছয় থেকে সাত জনের একটি দল তাকে ঘিরে ধরে। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার পর মৃত্যু নিশ্চিত করতে তাকে গুলি করা হয়।

গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ ও জনতার সহায়তায় অশোক ঘোষ নামের একজনকে একটি বিদেশি পিস্তলসহ আটক করা হয়।

গুলিবিদ্ধ অবস্থায় মাসুম বিল্লাহকে দ্রুত Khulna Medical College Hospital-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

You may also like

Leave a Comment