খালেদা জিয়ার মৃত্যুতে ভারত সরকারের গভীর শ্রদ্ধা: দিল্লিতে শোক বইয়ে রাজনাথ সিংয়ের বার্তা

by The Justice Bangla

বৈদেশিক সংবাদদাতাঃ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে ভারত সরকার ও ভারতের জনগণের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, ভারত–বাংলাদেশ সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার অবদান চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।

বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানান রাজনাথ সিং। এ সময় তিনি বাংলাদেশ মিশনে সংরক্ষিত শোক বইতে নিজের শোকবার্তা লিখে প্রয়াত এই নেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশ হাইকমিশনে পৌঁছালে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ তাকে স্বাগত জানান।

শোক প্রকাশের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে নিশ্চিত করেন রাজনাথ সিং। পোস্টে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত এবং তার পরিবারের সদস্যদের পাশাপাশি বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, এর আগের দিন বুধবার (৩১ ডিসেম্বর) খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এবং শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় সফর করেন। সফরকালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে পাঠানো শোকবার্তা তার হাতে তুলে দেন।

খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের শীর্ষ নেতৃত্বের ধারাবাহিক শ্রদ্ধা নিবেদন দুই দেশের মধ্যকার ঐতিহাসিক ও কূটনৈতিক সম্পর্কের গভীরতাকেই নতুন করে সামনে এনেছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

You may also like

Leave a Comment