কুতুবদিয়ার সঙ্গে মূল ভূখণ্ডের নৌ যোগাযোগে নতুন দিগন্ত

দীর্ঘ প্রতীক্ষার পর মগনামা–কুতুবদিয়া রুটে চালু হলো সি-ট্রাক

by The Justice Bangla

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার সঙ্গে মূল ভূখণ্ডের নৌ যোগাযোগে যুক্ত হলো নতুন মাত্রা। পেকুয়ার মগনামা ঘাট থেকে কুতুবদিয়া নৌ রুটে আধুনিক ও নিরাপদ সি-ট্রাক চালুর মাধ্যমে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো দ্বীপবাসীর।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে মগনামা–কুতুবদিয়া রুটে সি-ট্রাক চলাচলের উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। এ সময় দ্বীপবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

দীর্ঘদিন ধরে কুতুবদিয়ার সঙ্গে মূল ভূখণ্ডের যাতায়াত ছিল ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ। বর্ষা মৌসুমে উত্তাল সাগরে কাঠের নৌকা ও ট্রলারে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে হতো যাত্রীদের। সি-ট্রাক চালু হওয়ায় যাতায়াতে সময় ও ঝুঁকি উভয়ই কমবে বলে মনে করছেন স্থানীয়রা।

উদ্বোধন শেষে নৌপরিবহন উপদেষ্টা বলেন, খুব শিগগির মগনামা–কুতুবদিয়া রুটে ফেরি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে ঘাটকেন্দ্রিক কোনো ধরনের অনিয়ম বা রাজনীতি না করার আহ্বান জানান তিনি।

২০০ যাত্রী ধারণক্ষমতার সি-ট্রাকটি প্রতিদিন মগনামা ঘাট থেকে সকাল ৯টা, দুপুর ২টা ও সন্ধ্যা ৭টায় কুতুবদিয়ার উদ্দেশে ছেড়ে যাবে। কুতুবদিয়া থেকে মগনামা ঘাটে ছাড়বে সকাল সাড়ে ৭টা, দুপুর ১২টা ও বিকেল ৫টায়। যাত্রীপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।

সি-ট্রাক চালুর মাধ্যমে কুতুবদিয়ার যোগাযোগ, পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

You may also like

Leave a Comment