কর্ণাটকে মুসলিম ছাত্রী জাকিয়ার মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

by The Justice Bangla

জাস্টিস বাংলা ডেস্ক রিপোর্টঃ ভারতের কর্ণাটক রাজ্যে জাকিয়া (২০) নামে এক মুসলিম কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জাকিয়া ফার্মেসি বিভাগের একজন শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র ও ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, জাকিয়ার মরদেহ একটি মন্দিরসংলগ্ন জঙ্গল এলাকা থেকে উদ্ধার করা হয়। মরদেহে আঘাতের চিহ্ন থাকায় ধর্ষণ ও হত্যার আশঙ্কা করা হচ্ছে। তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কিছু বলা সম্ভব নয়।

পরিবারের সদস্যরা জানান, জাকিয়া পড়াশোনার পাশাপাশি বিভিন্ন জায়গায় চাকরির চেষ্টা করছিলেন। তার বৃদ্ধ বাবাকে সহায়তা করাই ছিল তার প্রধান লক্ষ্য। পরিবারের দাবি, হঠাৎ নিখোঁজের পর দীর্ঘ সময় খোঁজাখুঁজির একপর্যায়ে তার মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়।

ঘটনার পর মানবাধিকার সংগঠন ও সামাজিক সংগঠনগুলো দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে। তারা বলছে, দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে এবং সংশ্লিষ্ট সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে জাকিয়ার মৃত্যু নতুন করে ভারতে নারী নিরাপত্তা ও সংখ্যালঘু নারীদের সুরক্ষা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। সচেতন মহল মনে করছে, এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে ন্যায়বিচার প্রশ্নবিদ্ধ হবে।

You may also like

Leave a Comment