খোরশেদ হেলালী, কক্সবাজারঃ ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে কক্সবাজার প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও দোয়া মাহফিল। শুক্রবার (১৮ জুলাই) বিকাল ৪টায় প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান। কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক এম. বেদারুল আলম।
বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে দেশজুড়ে ফ্যাসিস্ট শাসন চালিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশকে ভারতের উপনিবেশে পরিণত করেছিল। ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র ও জনতার রক্তক্ষয়ী আন্দোলনেই সেই দুঃশাসনের অবসান ঘটে। এ আন্দোলনের শহীদদের আত্মত্যাগ কখনো ভোলার নয়। শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
তারা আরও বলেন, জুলাই গণহত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে একটি সাম্যবাদী ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আহতদের সুচিকিৎসায় যেন কোনো গাফিলতি না হয়, সে বিষয়েও সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এস.এম. আমিনুল হক চৌধুরী, আতাহার ইকবাল, সহ-সভাপতি কামাল হোসেন আজাদ, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, শহীদ আহসান হাবীবের চাচা মাসউদ ছিদ্দিকী, ছাত্রনেতা রবিউল হাসান, নাসিমা আক্তার পিংকী, ওমর ফারুকসহ কক্সবাজারের বিশিষ্ট সাংবাদিক, রাজনীতিক ও পেশাজীবীবৃন্দ।
আলোচনা শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে শহীদদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন জেলা ইমাম সমিতির সভাপতি ও বড়বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা কামাল উদ্দিন।
