মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার উত্তর প্রতিনিধিঃ আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্টের নির্বাচন হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এই নির্বাচন হবে সারা বিশ্বের স্বীকৃত ও প্রশংসিত একটি নির্বাচন। জনগণ নিজেরাই তাদের ভোটের পাহারা দেবে এ জন্য আর কাউকে প্রয়োজন হবে না।”
আজ ৬ ডিসেম্বর সকাল সাড়ে ১১টার দিকে চকরিয়া উপজেলার ইসলাম নগর শহীদ হোছাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পথসভায় এসব মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, গত ষোলো-সতেরো বছর ধরে দেশের মানুষ আওয়ামী ফ্যাসিবাদের কবলে পড়ে তাদের ভোটাধিকার ও মৌলিক গণতান্ত্রিক অধিকার হারিয়েছে। তিনি অভিযোগ করেন, জনগণ তাদের আইনগত ও সাংবিধানিক অধিকার ঠিকমতো ভোগ করতে পারেননি।
তিনি আরও বলেন, নামে গণতান্ত্রিক ব্যবস্থা থাকলেও বাস্তবে সবাই জানে গণতন্ত্রের মুখোশে শেখ হাসিনা দেশে বাকশাল কায়েম করেছিলেন, এক দলীয় শাসন প্রতিষ্ঠা করেছিলেন।
পথসভায় সালাহউদ্দিন আহমদের সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী সাবেক এমপি এডভোকেট হাসিনা আহমেদ, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
