আমাদের সরকারের কেউ এমন কাজ করেনি যে হাসিনার মতো হবে: প্রেস সচিব

by The Justice Bangla

মানিকগঞ্জ প্রতিনিধিঃ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বর্তমান সরকারের কেউ এমন কোনো কাজ করেনি, যার কারণে শেখ হাসিনার মতো পরিণতির মুখে পড়তে হবে। তিনি বলেন, সেফ এক্সিটের প্রশ্নই ওঠে না। আমি এই দেশের গর্বিত সন্তান, আমি এই দেশেই থাকব।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইমামবাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে মাজার ও বাউল ভক্তদের ওপর হামলার প্রসঙ্গে প্রেস সচিব বলেন, সারাদেশে প্রায় ৬০টির মতো মাজারে হামলার ঘটনা ঘটেছে, যা অত্যন্ত ন্যক্কারজনক ও নিন্দনীয়। এসব ঘটনায় পুলিশ মামলা করেছে এবং অনেককে গ্রেপ্তারও করা হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং সবাই এ ঐতিহ্য বজায় রাখবে।

নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, হাসিনার সময়ে মানুষ কোনো সুষ্ঠু নির্বাচন দেখেনি। সকালে ভোট দিতে গিয়ে দেখা গেছে ব্যালট চুরি হয়ে গেছে বা ব্যালট বাক্স নিয়ে চলে গেছে। এমনকি পুলিশ ভোটারদের না আসার নির্দেশ দিয়েছে। তিনি দাবি করেন, মানুষ এখন নির্বাচনের দিকে মুখ ফিরিয়েছে এবং আগামী ১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, যিনি পীরভক্ত, যিনি পীরভক্ত নন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সব ধর্মের মানুষ, এমনকি যারা কোনো ধর্মে বিশ্বাস করেন না, তারাও ভোট দিতে যাবেন। সবাই মিলে আমরা ভোট দেব।

গণমাধ্যম সংস্কার বিষয়ে প্রেস সচিব বলেন, তথ্য অধিকার আইন (আরটিআই) আরও সহজ ও কার্যকর করতে অধ্যাদেশ পাস করা হয়েছে। এতে তথ্য পাওয়ার প্রক্রিয়া, রিপোর্টিং কাঠামো এবং নাগরিকদের তথ্যের অধিকার প্রতিষ্ঠা সহজ হবে। তিনি বলেন, এই সরকার ১৮ মাস ধরে দায়িত্বে রয়েছে। সবকিছু একসঙ্গে করা সম্ভব নয়, তবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কাজ করা হচ্ছে।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রসঙ্গে শফিকুল আলম বলেন, নয় মাস ধরে জাতীয় সংস্কার কমিশনের মাধ্যমে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেই গণভোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আলোচনার ফলই হচ্ছে জুলাই সনদ। তিনি বলেন, দেশে যেন আর কোনো স্বৈরাচার বা অপশাসন ফিরে না আসে, ব্যাংকের টাকা যেন লুটপাট না হয় এই লক্ষ্যেই সবাইকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

You may also like

Leave a Comment