মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার উত্তর প্রতিনিধিঃ
আবারো উচ্ছেদ আতঙ্কে কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের হাজারো নারী-পুরুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার সকাল থেকে সমিতি পাড়া এলাকায় তারা বিভিন্ন প্লেকার্ড হাতে স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সমিতি পাড়ায় প্রায় ৭০ হাজার মানুষের দীর্ঘ অর্ধশতকেরও বেশি সময় ধরে বসবাস। এখানে গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় শুটকি মহাল, যা স্থানীয় হাজার হাজার মানুষের জীবিকা নির্ভরশীলতার প্রধান উৎস।
বিক্ষোভকারীদের অভিযোগ, বিমানবন্দর সম্প্রসারণের অজুহাতে একটি প্রভাবশালী মহল এলাকাটি দখলের পরিকল্পনা করছে। তারা দাবি করেন, শুটকি মহাল গুঁড়িয়ে দিয়ে সেখানে বিলাসবহুল স্থাপনা নির্মাণের নকশা ইতোমধ্যেই করা হয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছে।
উল্লেখ্য, এর আগে একই উচ্ছেদকে কেন্দ্র করে সহিংস ঘটনায় এক যুবক নিহত ও বহু মানুষ আহত হয়েছিলেন। এ কারণে নতুন করে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
➡️ স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন, যথাযথ পদক্ষেপ না নিলে আবারো বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
